Homeআরব আমিরাতের প্রবাসীদের পাশে থাকার বার্তা দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল।
DeshProbash7/24/2026

আরব আমিরাতের প্রবাসীদের পাশে থাকার বার্তা দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল।

নিউজ: আরব আমিরাতে ভিসা-সংক্রান্ত জটিলতায় চরম দুর্ভোগে থাকা বাংলাদেশি প্রবাসীদের ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভিসা সংকট শুধু তাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটি দেশেরও উদ্বেগের বিষয়। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারকরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এবং দ্রুত ও স্থায়ী সমাধানে কূটনৈতিক পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পোস্টে আরও বলা হয়, প্রবাসীদের মর্যাদা, নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এ সংকটের ইতিবাচক সমাধান হবে এবং প্রবাসীরা স্বস্তির সঙ্গে কর্মজীবন চালিয়ে যেতে পারবেন। এদিকে, প্রবাসীদের একটি অংশ মনে করছেন, ভিসা ও প্রবাসীসংক্রান্ত বিষয়গুলো মূলত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সম্পৃক্ত। তাই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কূটনৈতিক আলোচনার বর্তমান অবস্থা কী এবং কবে নাগাদ এই সংকটের সমাধান হতে পারে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও আনুষ্ঠানিক বক্তব্য জানার দাবি জানিয়েছেন তারা। তবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে থেকেও প্রবাসীদের সংকট নিয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেক প্রবাসী। তাদের মতে, এই বার্তা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা প্রবাসীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

Created by Mas Sakib

© 2026 Bangladesh All News Channel. All rights reserved.