
দুবাই ভিসা খোলার তথ্য কি সত্য?
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাই ভিসা চালুর বিষয়টি নিয়ে সম্প্রতি তুমুল আলোচনা সৃষ্টি হলেও, মূলত এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। দুবাই বা ইউএই সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য আনুষ্ঠানিকভাবে নতুন করে পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর বিষয়ে কোনো প্রকার ঘোষণা দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সাধারণ পর্যটন ও কাজের ভিসা বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে একশ্রেণীর ট্রাভেল এজেন্সি ও মধ্যস্বত্বভোগী ভুয়া তথ্য ছড়াচ্ছে। "দুবাই ভিসা চালু হয়েছে"—এমন মিথ্যা আশ্বাসে অনেক সাধারণ মানুষ ও প্রবাসী লাখ লাখ টাকার আর্থিক লেনদেন করে প্রতারণার শিকার হচ্ছেন। প্রতারণার এই চিত্র আরও স্পষ্ট হয় যখন সম্প্রতি অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার ও এজেন্সি থেকে অনলাইনে সরাসরি দুবাই ভিসার আবেদন (অ্যালাইড পোর্টাল/আইসিএ) করা হয়েছিল। অনুসন্ধানে জানা যায়, তাদের জমা দেওয়া প্রায় প্রতিটি আবেদনই ইউএই ইমিগ্রেশন কর্তৃক প্রত্যাখ্যান (Reject) করা হয়েছে। এটি প্রমাণ করে যে, সাধারণ পর্যটন ভিসার সিস্টেম বাংলাদেশিদের জন্য এখনো উন্মুক্ত করা হয়নি। কেবল নতুন পর্যটন ভিসা বন্ধ নয়, সংযুক্ত আরব আমিরাতে আগে থেকে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও পড়েছেন চরম বিপাকে। আকামা/ভিসা নবায়ন (Renewal), অটোমেটিক ভিসা বাতিল হওয়া এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা স্থানান্তরের (Transfer Visa) ক্ষেত্রেও ব্যাপক জটিলতা ও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে হাজার হাজার প্রবাসী কর্মী ও ব্যবসায়ী তাঁদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। প্রবাসী মহল মনে করছেন, এই সমস্যার দ্রুত ও টেকসই সমাধান করতে দুই দেশের মধ্যে জোরালো এবং ফলপ্রসূ কূটনৈতিক আলোচনা অত্যন্ত জরুরি। দুবাইয়ের যেকোনো ভিসা সম্পর্কিত সিদ্ধান্ত কখনো কোনো এজেন্সির কথা বা আন্দাজের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় না। দুবাইয়ের সম্পূর্ণ ভিসা ব্যবস্থাপনা ডিজিটাল প্রযুক্তিনির্ভর। ভিসা অনুমোদিত হলে তা আনুষ্ঠানিকভাবে দুবাই সরকার বা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জানানো হয়। ভিসা সংক্রান্ত কোনো পদেক্ষেপ নেওয়ার আগে সাধারণ মানুষকে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখার আহ্বান জানানো হচ্ছে: অফিসিয়াল সূত্র যাচাই: যেকোনো লেনদেন বা আবেদনের আগে দুবাই বা আমিরাতের নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম (যেমন: Khaleej Times, Gulf News, Emirates 24/7) এবং অফিশিয়াল ইমিগ্রেশন পোর্টাল দেখুন। গুজবে কান না দেওয়া: কোনো ট্রাভেল এজেন্সি ভিসা গ্যারান্টি দিয়ে টাকা দাবি করলে তা সম্পূর্ণ বর্জন করুন। নিজেই অনলাইনে আবেদন: ভিসা প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হওয়ায় অফিশিয়াল ডোমেইন থেকে আবেদনকারী নিজেই তার আবেদন স্থিতি (Visa Status) যাচাই করতে পারেন। যতক্ষণ না দুই দেশের সরকারি পর্যায় থেকে কোনো স্পষ্ট ও অফিশিয়াল বিজ্ঞপ্তি আসছে, ততক্ষণ পর্যন্ত যে কোনো ধরনের ভিসা লেনদেন থেকে বিরত থাকা প্রবাসীদের আর্থিক ও মানসিক নিরাপত্তা রক্ষার জন্য অত্যন্ত জরুরি।